এসএমই খাতের অর্থায়ন সহজ করতে নতুন মডেল ও উদ্ভাবনী সেবায় গুরুত্ব আইডিএলসির

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের ঋণ বিতরণ প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। প্রথাগত ব্যাংকিংয়ের দীর্ঘসূত্রতা ও লালফিতার দৌরাত্ম্য কাটাতে প্রতিষ্ঠানটি ‘স্ট্রেইট থ্রু প্রসেসিং’ বা এসটিপি পদ্ধতি গ্রহণ করেছে। এর ফলে জামানতবিহীন ৭০ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে যোগ্য গ্রাহকেরা এখন মাত্র দুই থেকে তিন কার্যদিবসের মধ্যে অর্থায়ন সুবিধা পাচ্ছেন। আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন জানান, গ্রাহকদের প্রতিটি ধাপে সহায়তা করতে নির্দিষ্ট রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করা হয়েছে, যারা সরাসরি গ্রাহকের আঙিনায় গিয়ে নথিপত্র যাচাই ও সংগ্রহের কাজ সম্পন্ন করেন।
নারী ও তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে আইডিএলসি বিশেষায়িত অর্থায়ন সেবা চালু করেছে, যা বর্তমানে প্রতিষ্ঠানটির মোট এসএমই পোর্টফোলিওতে ১৫ শতাংশ অবদান রাখছে। ‘মৌসুমি ঋণ’ এবং আয়ভিত্তিক কিস্তির ‘স্ট্রাকচার্ড ঋণ’ এই খাতের উদ্যোক্তাদের আর্থিক ঝুঁকি লাঘব করছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য ‘পূর্ণতা’ শীর্ষক সেবার আওতায় আলাদা ডেস্ক ও ফিমেল রিলেশনশিপ ম্যানেজার দল কাজ করছে। এছাড়া বছরজুড়ে ‘পূর্ণতা উৎসব’ বা এসএমই মেলার আয়োজন করে উদ্যোক্তাদের বাজার সংযোগ ও ব্র্যান্ড পরিচিতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
দেশের প্রায় ৬০ শতাংশ উদ্যোক্তার আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার বাইরে থাকার মূল কারণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্রের অভাবকে চিহ্নিত করেছেন এম জামাল উদ্দিন। এই বাধা দূর করতে আইডিএলসির প্রতিনিধি দল ট্রেড লাইসেন্স ও টিআইএনসহ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও নবায়নে উদ্যোক্তাদের হাতে-কলমে সহায়তা দিচ্ছে। তবে নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশগত ছাড়পত্র ও কারখানা লাইসেন্স প্রাপ্তির মতো জটিল প্রক্রিয়াগুলো ডিজিটাল করা হলে এসএমই খাতের প্রবৃদ্ধি আরও বেগবান হবে। ঢাকা সিটি করপোরেশনের মতো অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লাইসেন্স ইস্যুর উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে সিএমএসএমই খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে তিনটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন এম জামাল উদ্দিন। প্রথমত, আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে অর্থপ্রবাহ বৃদ্ধি করা, যার উদাহরণ হিসেবে ‘প্রবাহ’ ব্লেন্ডেড ফাইন্যান্সিং মডেলের কথা উল্লেখ করেন তিনি। দ্বিতীয়ত, এফ-কমার্স বা ফেসবুকভিত্তিক ব্যবসাগুলোকে একটি জাতীয় ই-কমার্স প্ল্যাটফর্মের আওতায় এনে মূলধারার অর্থনীতিতে যুক্ত করা। সর্বশেষ, দীর্ঘমেয়াদি সাশ্রয় নিশ্চিত করতে এসএমই উদ্যোক্তাদের মধ্যে সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।