নড়িয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে ৩ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এ সময় ভাটার চিমনি ও কীলন ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে কাঁচা ইট ধ্বংস করে আগুন নিভিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার মোক্তারেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন জানায়, প্রায় দুই বছর আগে মোক্তারেরচর এলাকায় ‘মেসার্স মক্কা ব্রিকস ফিল্ড’ নামে ইটভাটাটি অবৈধভাবে গড়ে ওঠে। পরিবেশসহ প্রয়োজনীয় আইনগত অনুমোদন না থাকায় জেলা পরিবেশ অধিদপ্তর একাধিকবার চিঠির মাধ্যমে ভাটাটি বন্ধের নির্দেশ দেয়। তবে নির্দেশনা অমান্য করে ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল মালিকপক্ষ।

এ অবস্থায় সোমবার বিকেলে পরিবেশ অধিদপ্তর ও নড়িয়া উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ইটভাটাটি উচ্ছেদ করে। একই সঙ্গে ভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে পরিবেশ ও মাটি ব্যবস্থাপনা আইনে ভাটা মালিককে জরিমানা করা হয়েছে এবং ভাটার কার্যক্রম বন্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

সম্পর্কিত- অভিযান
0%
0%
0%
0%