মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পরিবর্তন মালয়েশিয়ার সেপাংয়ে ফিরছে বাহরাইন গ্রাঁ প্রি

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের উত্তাল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তার ঝুঁকির কারণে বাতিল হওয়া বাহরাইন গ্রাঁ প্রি এবার নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছে। ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ৪ অক্টোবর মালয়েশিয়ার সেপাং আন্তর্জাতিক সার্কিটে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ রেস। জটিল পরিস্থিতির মুখে পড়ে আয়োজকরা এই রেসটির নামকরণ করেছে ‘গালফ এয়ার বাহরাইন গ্রাঁ প্রি ইন মালয়েশিয়া’।
হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রির আসরে দাঁড়িয়ে ফর্মুলা ওয়ানের প্রধান নির্বাহী স্তেফানো দোমেনিচালি এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি জানান, মালয়েশিয়া ও বাহরাইন সরকারের পারস্পরিক সমঝোতা এবং আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশন বা এফআইএ-এর সম্মতিতে এই বিশেষ আয়োজন সম্ভব হয়েছে। সেপাং সার্কিট ফর্মুলা ওয়ানের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এর আগে সাকির এবং জেদ্দার সৌদি আরব গ্রাঁ প্রি বাতিল করা হয়েছিল। তবে সেপাং সার্কিট যুক্ত হওয়ায় চলতি মৌসুমে রেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩টিতে। যদিও মৌসুমের শেষভাগে কাতার ও আবুধাবিতে রেস আয়োজন নিয়ে এখনো ঘোর অনিশ্চয়তা কাটেনি। সূত্রের খবর, শেষ মুহূর্তে কোনো বড় অঘটন ঘটলে ইতালির ইমোলা সার্কিটকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে।
সেপাং সার্কিটে সর্বশেষ ২০১৭ সালে ফর্মুলা ওয়ানের গর্জন শোনা গিয়েছিল। বর্তমানে এই ট্র্যাকটি মূলত মোটোজিপি রেসের জন্য পরিচিত। নতুন সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর আজারবাইজান গ্রাঁ প্রি এবং ১১ অক্টোবরের সিঙ্গাপুর গ্রাঁ প্রির মাঝামাঝি সময়ে বসবে বাহরাইন গ্রাঁ প্রি’র এই বিশেষ আসর। অতীতেও ভিন্ন দেশের নামে অন্য কোনো দেশে রেস আয়োজনের নজির রয়েছে। যেমন, ইমোলার মাটিতে দীর্ঘ সময় সান মারিনো গ্রাঁ প্রি অনুষ্ঠিত হয়েছে অথবা জার্মানির নুরবার্গ্রিংয়ে আয়োজিত হয়েছে লুক্সেমবার্গ গ্রাঁ প্রি।
বাহরাইনের সার্বভৌম সম্পদ তহবিল ‘মুমতালাকাত’ ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ম্যাকলারেন দলের মালিকানাধীন হওয়ায় দেশটির জন্য এই গ্রাঁ প্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের উপস্থিতির কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে বাহরাইন। নিরাপত্তা ও পরিস্থিতির সার্বিক বিবেচনায় এফআইএ-এর ওয়ার্ল্ড মোটর স্পোর্ট কাউন্সিল চূড়ান্ত অনুমোদনের পর মালয়েশিয়ায় এই হাইভোল্টেজ রেসের মাঠ গড়াবে।