বরিশালে মিলন হাওলাদার হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন গ্রামে মিলন হাওলাদার নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিহত মিলন হাওলাদারের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচিতে অবিলম্বে ন্যায়বিচারের দাবি জানানো হয়।
সমাবেশে ভুক্তভোগী পরিবার জানায়, গত ৩০ মে কোরবানির ঈদ উপলক্ষে মিলন হাওলাদার তার স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। ওই সময় স্থানীয় কয়েকজন শিশুকে উত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় প্রতিবেশী লক্ষ্মীপুর গ্রামের আবু তাহের ও রোমানসহ বেশ কয়েকজনের সঙ্গে মিলনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মিলনের বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং তাকে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় মিলনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং ২৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ২৫ জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মিলনের চিকিৎসার পেছনে ৩৫ লাখ টাকারও বেশি ব্যয় করতে গিয়ে তারা সর্বস্বান্ত হয়েছেন, অথচ হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
নিহতের পরিবারের দাবি, আসামিরা বর্তমানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য তাদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। সমাবেশ থেকে অবিলম্বে এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার শুনানি সম্পন্ন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে” এবং “মিলন হত্যার ফাঁসি চাই” স্লোগান দিতে থাকেন। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার প্রশাসনের কাছে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।