টেন্ডারবাজি-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

মো. আসাদুজ্জামান বলেছেন, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—সে যেই হোক না কেন। বিএনপির কেউ জড়িত থাকলেও রক্ষা পাবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের আওতায় চয়নিকা বিলের খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “যদি ভুল করে কেউ টেন্ডারবাজি বা চাঁদাবাজির পথে পা বাড়ান, তাহলে প্রশাসন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কোনো ধরনের কুণ্ঠাবোধ করবে না। এক-দুজনের অপকর্মের দায় কোনো রাজনৈতিক দল বা প্রধানমন্ত্রীর ওপর চাপতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, সরকার ঘোষিত “জুলাই সনদ”-এর প্রতিটি অধ্যায় গুরুত্ব সহকারে পর্যালোচনা করে বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য বা প্রতিশ্রুতির ব্যত্যয় হবে না।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় বক্তব্য দেন আলী আজম আবু বক্কর, মতিয়ার রহমান, আবু তালিব এবং জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে মন্ত্রী নিজ হাতে মাটি কেটে এবং বৃক্ষরোপণ করে খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ বিভাগ সূত্রে জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ফসল রক্ষায় বর্ষা মৌসুমে বিলের পানি নিষ্কাশনের সুবিধা বাড়াতে এ খালটি খনন করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৭ লাখ টাকা। কাজটি সম্পন্ন হলে এলাকার অন্তত ১ হাজার ৮০০ কৃষক সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে, বিকেলে জেলা প্রশাসনের আয়োজিত ইফতার মাহফিলেও অংশ নেন আইনমন্ত্রী।

0%
0%
0%
0%