শরীয়তপুরের দক্ষিণ তারাবুনিয়ায় আগুনের তাণ্ডবে দুই পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের এরশাদ বেপারীর কান্দিতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে দুই পরিবারের মোট ৫টি বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আগুনের সূত্রপাত হয় প্রতিবেশী জব্বার ঢালীর রান্নাঘর থেকে। দ্রুত ছড়িয়ে পড়ে মান্নান ভূইয়া (৬৫), নজু ভূইয়া (৪০), জব্বার ঢালী এবং মাসুদ ঢালীর বসতঘরে। প্রত্যেক পরিবারের একটি করে ঘর সহ মোট ৫টি ঘর আগুনে ধ্বংস হয়।
ক্ষতিগ্রস্ত নজু ভূইয়া জানিয়েছেন, ঘরে রাখা ব্যাংক থেকে তোলা দুই লাখ টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রত্যন্ত এলাকায় হওয়ায় ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছাতে পারেনি, ফলে আগুন নিয়ন্ত্রণে আসতে বেশি সময় লেগেছে এবং ক্ষয়ক্ষতি বেড়েছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, সঠিক তদন্ত না হলে এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
