রাঙ্গামাটির বিলাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধের সর্বস্ব পুড়ে ছাই

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের ধুপানিছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, খাদ্যশস্য, নগদ অর্থ, সৌরবিদ্যুৎ সরঞ্জাম ও স্বর্ণ-রূপার অলংকার পুড়ে গিয়ে নিঃস্ব হয়েছেন বিশ্বমিত্র ত্রিপুরা (৭৩) নামে এক বৃদ্ধ।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৪ নম্বর বড়থলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধুপানিছড়া পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকাকালে হঠাৎ রান্নাঘরের দিক থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন দুই কক্ষবিশিষ্ট টংঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, অগ্নিকাণ্ডে তাদের বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি সারা বছরের খাদ্য হিসেবে মজুত রাখা প্রায় ২০০ হাড়ি ধান আগুনে ভস্মীভূত হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ ছাড়া ঘরে সংরক্ষিত প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ এবং সরকারি সহায়তায় পাওয়া ১০০ ও ২০ ওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেলসহ সংশ্লিষ্ট সরঞ্জাম আগুনে নষ্ট হয়ে যায়। এতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রায় ২২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারটির দাবি।
অগ্নিকাণ্ডে পরিবারের ব্যবহৃত প্রায় এক তোলা স্বর্ণালংকার ও চার তোলা রূপার গহনাও পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের ভাষ্য অনুযায়ী, স্বর্ণালংকারের মূল্য প্রায় ১০ হাজার টাকা এবং রূপার গহনার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
পরিবারের হিসাব অনুযায়ী, এ ঘটনায় মোট প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এক রাতের আগুনে মাথা গোঁজার একমাত্র আশ্রয় ও দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ বিশ্বমিত্র ত্রিপুরা। স্থানীয় বাসিন্দারা তার পরিবারকে দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনের সহযোগিতা কামনা করেছেন।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, রান্নাঘর থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
