ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাজিম হোসেন নামের এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের শরীফুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ২৫ বছর বয়সী সাজিম সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কাশিমপুর গ্রামের রুহুল আমীনের ছেলে এবং স্থানীয় সিও এনজিওতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাজিম ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথিমধ্যে ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও এলাকাজুড়ে। এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
