কিশোরগঞ্জে ট্রাকচাপায় হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সোমবার গভীর রাতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পারভেজ মিয়া (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে দাড়িয়াকান্দি এলাকায় একটি সিএনজি দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পিকআপ ভ্যানটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক তা সড়কের পাশে থামান। এ সময় পেছন দিক থেকে আসা ধানের খোসাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির ওপর আছড়ে পড়লে সেটি দুমড়েমুচড়ে যায়।
ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কনস্টেবল পারভেজ মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী এ ঘটনাকে একটি অত্যন্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। এই মৃত্যুতে হাইওয়ে পুলিশ পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
