বগুড়ায় সেনাসদস্যের ঘরে মিলল স্ত্রী ও দুই সন্তানের লাশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছুটিতে বাড়ি আসা এক সেনাসদস্যের বাসা থেকে তাঁর দুই শিশুসন্তানের গলাকাটা লাশ এবং স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের একটি বাড়ির শয়নকক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহত নারী সাদিয়া মুস্তারিম (২৮) বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। নিহত দুই শিশুর মধ্যে মেয়ে সাইফার বয়স তিন বছর এবং ছেলে সাইফের বয়স মাত্র সাত মাস বলে পুলিশ জানিয়েছে।
লাশগুলো ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাদিয়ার স্বামী সেনাসদস্য শাহাদত হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ময়মনসিংহে সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করেন এবং গত ২০ নভেম্বর এক সপ্তাহের ছুটিতে বাড়ি এসেছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে সেনাসদস্য শাহাদত বাড়িতেই ছিলেন। সকালে তাঁদের শয়নকক্ষ থেকে দুই শিশুর গলাকাটা লাশ এবং স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদত জানিয়েছেন, তিনি পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। বিষয়টি জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
ওসি আরও জানান, শয়নকক্ষের বিছানা থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, সকালে শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে প্রতিবেশীদের সহায়তায় শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর দেখা যায়, দুই সন্তানের গলাকাটা লাশ বিছানায় পড়ে আছে এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল সাদিয়ার মরদেহ।
শাহাদত পুলিশের কাছে দাবি করেছেন, পারিবারিক কলহের জেরে দুই শিশুকে গলা কেটে হত্যার পর তাঁর স্ত্রী নিজেও আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে, ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
তথ্যসূত্র: স্থানীয় সূত্র
