শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, শিশুকে মারধরের অভিযোগ

শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সংঘর্ষের সময় পাঁচ বছরের এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে বিকেলে কথা-কাটাকাটি থেকে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এসময় দ্বীন ইসলাম মোল্লা, জহু মোল্লা, নজু মোল্লা এবং খোরশেদা বেগমসহ আরও কয়েকজন শিশুটিকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এতে শিশুটির বাম হাতের কনুই ভেঙে যায়।
ভুক্তভোগী শিশুটি জানায়, সে সংঘর্ষের কিছুই জানত না। প্রতিদিনের মতোই খেলাধুলা করতে বাড়ির বাইরে বের হলে হঠাৎই প্রতিপক্ষের তিনজন তাকে ধরে মারধর শুরু করে। শিশুটি অভিযোগ করে, তারা তার গলা টিপে ধরেছিল। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে তাদের হাত থেকে উদ্ধার করে।
ভুক্তভোগী মনির মোল্লা জানান, “এভাবে একটি ছোট শিশুকে মারধর করা অমানবিক। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।” তিনি ইতোমধ্যে সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, দীর্ঘদিন ধরে চলমান জমি বিরোধ সমাধানে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না থাকায় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তাই তারা স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
স্থানীয় সূত্র জানায়, জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। তারই জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।