Advertisement

সিলেটে ট্রিপল মার্ডারের বিচার দাবিতে প্রবাসীদের তিন দিনের আল্টিমেটাম

সিলেট নগরীর রায়নগরে সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনার প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও রহস্য উদঘাটনে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে শুক্রবার দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগাহ প্রাঙ্গণে বৃহত্তর শাহী ঈদগাহবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন নিহত দম্পতির প্রবাসী কন্যারা। এসময় তারা আবেগাপ্লুত হয়ে তাদের মা-বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় ব্যবসায়ী সোহাগ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে নিহত দম্পতির কন্যা তাহমিনা সাত্তার এনি ও সেলিনা সুলতানা শিখা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

বিজ্ঞাপন

গত ১২ আগস্ট সিলেট নগরীর রায়নগরের মিতালী এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়ে ঘটনার কারণ নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। কখনো প্রেমের সম্পর্ক, আবার কখনো চুরির ঘটনাকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে দাবি করায় প্রকৃত রহস্য নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার তিন সপ্তাহ পার হলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা সাধারণ মানুষের মনে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত খুনিরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে তারা প্রশাসনের বিশেষ নজরদারি কামনা করেন।

বিজ্ঞাপন

আগামী তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও তদন্তে দৃশ্যমান অগ্রগতির আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%