বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫ হাজার মানুষের সেবা গ্রহণ

বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী আয়োজিত এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৫ হাজার রোগী সেবা নিয়েছেন। শুক্রবার সকাল থেকেই জেলাটির বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ ও শিশুদের পদচারণায় প্রাঙ্গণটি মুখরিত হয়ে ওঠে। আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখের সমস্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আর্থিক অসচ্ছলতার কারণে যারা দীর্ঘসময় ছানি বা দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য এই ক্যাম্পটি বড় আশীর্বাদ হয়ে এসেছে। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ছানি আক্রান্ত প্রায় ৫০০ জনকে চিহ্নিত করে তাদের বিনামূল্যে লেন্সসহ অস্ত্রোপচারের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে পর্যায়ক্রমে এসব অস্ত্রোপচার সম্পন্ন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আহমেদ তাহের হামিদ আলী। এ সময় উপস্থিত অতিথিরা ক্যাম্পের সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। স্থানীয় বিএনপি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ পুরো কার্যক্রমটি তদারকি করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল চক্ষু চিকিৎসায় সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। অভাবের কারণে যেন কেউ অন্ধত্বের অভিশাপে না ভোগেন, সেই মানবিক লক্ষ্য নিয়েই তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগ জেলাজুড়ে সর্বমহলে প্রশংসিত হয়েছে।
