Advertisement

ময়মনসিংহে আড়াইশ শয্যার নতুন জেলা হাসপাতাল স্থাপনের সুপারিশ

ময়মনসিংহে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে ও চিকিৎসাসেবার মানোন্নয়নে ২৫০ শয্যাবিশিষ্ট একটি নতুন জেলা হাসপাতাল স্থাপনের চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি উচ্চপর্যায়ের এক কমিটি। মূলত জেলাটির বিশাল জনসংখ্যা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর অসহনীয় রোগীর চাপ বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ময়মনসিংহ জেলার সাতটি উপজেলার কয়েক লাখ মানুষ চিকিৎসার জন্য পুরোপুরি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভরশীল। এর ফলে হাসপাতালটিতে বেড অকুপেন্সি রেট বা শয্যা দখলের হার বর্তমানে দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তৎকালীন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ শুরুতে ১ হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক জেলা হাসপাতাল স্থাপনের প্রস্তাব উত্থাপন করেছিলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের অন্যান্য জেলায় ২৫০ শয্যার হাসপাতাল থাকলেও ময়মনসিংহের মতো জনবহুল জেলায় এমন কোনো স্বতন্ত্র জেলা হাসপাতাল নেই। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর কমিটি প্রাথমিকভাবে ১ হাজার শয্যার প্রস্তাব নিয়ে আলোচনা করলেও, চূড়ান্ত পর্যায়ে ২৫০ শয্যার হাসপাতাল স্থাপনের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। একই সভায় ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং বান্দরবানের থানচি উপজেলায় ২০ শয্যার হাসপাতাল স্থাপনের বিষয়েও ইতিবাচক সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জন্য সরকারি চিকিৎসাসেবার দুয়ার আরও উন্মোচিত হবে। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর দীর্ঘদিনের অতিরিক্ত রোগীর চাপ বহুলাংশে হ্রাস পাবে এবং স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%