খুলনায় ডেঙ্গু মোকাবিলায় মহানগর বিএনপির দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা

খুলনা মহানগরীতে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মহানগর বিএনপির সভাপতি এবং কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
ডেঙ্গু প্রতিরোধে মহানগরীর বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ও কীটনাশক ছিটানোর পাশাপাশি জলাভূমি পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মাইকিং এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলবে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাবের সহযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াগনস্টিক সাপোর্ট ও রক্ত সংগ্রহসহ বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরের প্রতিটি আক্রান্ত থানা এলাকায় অন্তত ৫০ শয্যার কেন্দ্রীয় সেবাকেন্দ্র এবং জনঘনত্ব অনুযায়ী বড় ওয়ার্ডগুলোতে ২০ শয্যার আলাদা সেবাকেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক চিকিৎসক, স্বাস্থ্য সহকারী ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকবে। এছাড়া প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে হটলাইন নম্বর প্রদর্শন এবং রোগীদের জরুরি প্রয়োজনে বাড়িতে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে।
এই চিকিৎসাসেবা কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন ডা. রফিকুল ইসলাম বাবলু এবং প্রতিরোধমূলক কার্যক্রমের দায়িত্বে থাকবেন মো. মাসুদ পারভেজ বাবু। পুরো কার্যক্রমের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি। কমিটির আহ্বায়ক হিসেবে থাকছেন অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন।
অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, অতীতের বিভিন্ন মানবিক সংকটের ন্যায় এবারও নগরবাসীর পাশে দাঁড়াতে বিএনপি বদ্ধপরিকর। সংবাদ সম্মেলনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ড্যাবের চিকিৎসক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
