চকরিয়ায় পুলিশ পরিচয়ে বাড়িতে ডাকাতি, লুট ৫ লাখ টাকার মালামাল

কক্সবাজারের চকরিয়া উপজেলার পাগলীরবিল এলাকায় গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সশস্ত্র ও মুখোশধারী ৮-৯ জনের একটি দল স্থানীয় বাসিন্দা নুরুল আমিনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়।
ভুক্তভোগী নুরুল আমিন জানান, ডাকাত দল বাড়িতে অবৈধ অস্ত্র ও মালামাল লুকানো আছে বলে মিথ্যা অভিযোগ তোলে এবং তল্লাশির নাটক সাজায়। আতঙ্কিত পরিবারের সদস্যদের জিম্মি করে তারা আলমারি খুলে নগদ ১ লাখ ৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরবর্তী সময়ে বাড়ির সদস্যদের একটি কক্ষে আটকে রেখে ডাকাত দল নির্বিঘ্নে পালিয়ে যায়।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, এ ধরনের কোনো ডাকাতির ঘটনা সম্পর্কে তিনি এখনো অবহিত নন। থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ঘটনার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে আকস্মিক এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
