বিদ্যুৎ সাশ্রয় ও সৌরশক্তির ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খুলনার জেলা প্রশাসকের

খুলনা মহানগরীর কেডিএ নিউ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ সভায় বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) যৌথভাবে এই জনসচেতনতামূলক সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, দেশের চলমান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মযজ্ঞের সাথে তাল মিলিয়ে বিদ্যুতের চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বর্জন করে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই। তিনি প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার ব্যাপকভাবে বাড়ানোর আহ্বান জানান।
জেলা প্রশাসক আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয় কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর করে না, বরং এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনায় বিদ্যুৎ ব্যবহারে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। অপ্রয়োজনীয় সময়ে বৈদ্যুতিক বাতি, ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের মতো সরঞ্জাম বন্ধ রাখার অভ্যাসের ওপর তিনি জোর দেন।
সভায় বক্তারা বলেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার সাথে ভারসাম্য রক্ষা করতে হলে অপচয় রোধ এখন সময়ের দাবি। ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে পারলে দীর্ঘমেয়াদে জ্বালানি ব্যয় হ্রাস করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক এবং কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গাফফার বিশ্বাস। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, ওজোপাডিকোর প্রতিনিধি এবং নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
