Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে বসতঘর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে বসতঘর থেকে মা ও চার বছর বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন স্থানীয় রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী ২২ বছর বয়সী কনিকা আক্তার ও তাদের কন্যা রাজিয়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব ও কনিকার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই ছিল। ঘটনার সময় রাজীব হোসেন সিলেটে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে কনিকা তার শিশুকন্যাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথে শ্বশুর ও শাশুড়ি তাকে বাধা দেন এবং জোরপূর্বক পুনরায় বাড়িতে ফিরিয়ে আনেন।

বিজ্ঞাপন

বাড়িতে ফেরার পর কনিকা মেয়েকে নিয়ে নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছু সময় পর ঘরের ভেতর থেকে শিশু রাজিয়ার আর্তনাদ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে যান। পরে দরজা ভেঙে কনিকাকে ঝুলন্ত অবস্থায় এবং শিশুটিকে ঘরের মেঝেতে মৃত পড়ে থাকতে দেখেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে হত্যার পর মা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%