Advertisement

লামায় পাহাড় কেটে ইটভাটা পরিচালনার দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের দায়ে ৫টি ইটভাটার মালিককে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার রাইম্যাখোলা এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এসব ইটভাটার মালিকরা ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করতে অবৈধভাবে সংলগ্ন পাহাড় কেটে মাটি উত্তোলন করে আসছিলেন। পাহাড় কাটার ফলে এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকালে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে গড়ে ওঠা ডিবিএম, এমএমবি, এমবিআই, ইউবিএম ও এবিসি নামের পাঁচটি ইটভাটার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন জানিয়েছেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0%
0%
0%
0%