Advertisement

পিরোজপুরে নিখোঁজের ছয় দিন পর কাঠ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নান্দুহার-ইলুহার মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন একটি বাগান থেকে শাহ আলম (৭০) নামে এক কাঠ ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বাগানসংলগ্ন ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত শাহ আলম নান্দুহার এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, গত শনিবার থেকে শাহ আলমের কোনো খোঁজ মিলছিল না। নিখোঁজের বিষয়টি পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের মাধ্যমে জানার চেষ্টা করলেও এ নিয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ করা হয়নি। শনিবার সকালে ডোবা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা অনুসন্ধানে নেমে মরদেহটি দেখতে পান।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশাগত কাজে গাছ কাটার সময় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে শাহ আলমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় বিদ্যুতের তারগুলো দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যেও ধোঁয়াশা রয়ে গেছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, নিখোঁজের বিষয়টি আগে থেকে পুলিশকে জানানো হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানে আলম জানিয়েছেন, অরক্ষিত বৈদ্যুতিক তারের বিষয়ে কোনো অভিযোগ আগে পাওয়া যায়নি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা এ মর্মান্তিক মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচনে দোষীদের শনাক্ত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%