Advertisement

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনের পর বাড়িঘর ও দোকানে ব্যাপক লুটপাট

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে মোমেন মিয়া (৫৫) নামের এক কৃষককে গুলি করে হত্যার পর এলাকাটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত ২ আগস্ট সংঘটিত ওই হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে ধারাবাহিক হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এ পর্যন্ত অন্তত ১৭১টি বসতঘর ও ১০টি দোকানে তাণ্ডব চালানো হয়েছে, যা থেকে নারী ও শিশুরাও রেহাই পাননি।

হামলার শিকার বাসিন্দারা জানান, বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি নগদ অর্থ, আসবাবপত্র, গবাদি পশু ও যানবাহনসহ মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। এ সময় বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয়ে এক নারীর হাত ভেঙে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে লাথি মেরে গর্ভপাত ঘটানোর মতো পৈশাচিক ঘটনাও ঘটেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। হামলাকারীদের ভয়ে বর্তমানে এলাকাটি অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১১ আগস্ট সকাল থেকে মেঘনা নদী ও এর তীরবর্তী এলাকায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে শতাধিক ককটেল ও একটি একনলা বন্দুকসহ সংঘর্ষে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে চরাঞ্চলজুড়ে এখনও চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে, যার ফলে স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় সচেতন মহলের শঙ্কা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বিবদমান দুই পক্ষের এই সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। এমতাবস্থায় সর্বস্ব হারানো ভুক্তভোগী পরিবারগুলো এবং স্থানীয়রা হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%