Advertisement

লোহাগাড়ায় মাদরাসায় মজুত রাখা সরকারি ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে সরকারি বরাদ্দের ১৩ বস্তা আমন ধানের বীজ মজুত রাখার দায়ে জামেউল উলুম মাদরাসার ভারপ্রাপ্ত সুপার শামসুল ইসলাম হেলালীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার মাদরাসাটিতে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা এই বীজগুলো উদ্ধার করা হয়। অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন আকন্দ নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মাদরাসাটিতে উপস্থিত হলে একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। সন্দেহের বশে তিনি কক্ষটি খোলার নির্দেশ দিলে ভেতরে সরকারি আমন ধানের ১৩ বস্তা বীজ খুঁজে পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বীজগুলো বিতরণের জন্য মাদরাসা সুপারের হেফাজতে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানিয়েছেন, কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে প্রায় ২০ দিন আগেই এই বীজগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে বীজগুলো বিতরণ না করে কেন এবং কীভাবে একজন রাজনৈতিক নেতার কার্যালয়ে মজুত রাখা হলো, তা খতিয়ে দেখতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধারকৃত বীজগুলো তাৎক্ষণিকভাবে প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে, সরকারি সম্পদ ব্যক্তিগত দখলে রাখার দায়ে মাদরাসা সুপার শামসুল ইসলাম হেলালীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%