Advertisement

অর্থনৈতিক উন্নয়নে পেশাজীবীদের সততা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ বিমানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ পেশাজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা তাদের অর্জিত পেশাগত দক্ষতা ও সততার সমন্বয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম। তিনি নিজের প্রয়াত পিতা হারুনার রশীদ খান মুন্নুর আদর্শ ও নিষ্ঠাকে পাথেয় করে দেশের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ যাত্রায় উপস্থিত পেশাজীবীদের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফসিএ মো. গোলাম নবী। অনুষ্ঠানে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এফসিএ আব্দুল মতিন, এফসিএমএ জসীমউদ্দীন, এফসিএম ইউনুছ আলী এবং এফসিএ এখলাস উদ্দিন।

বক্তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় পেশাজীবীদের অংশগ্রহণ আরও সুসংহত করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে বিমানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%