জি বাংলার পর্দায় রানি পদ্মাবতী হয়ে ফিরছেন রত্নপ্রিয়া দাস

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ান’-এর সাফল্যের রেশ কাটিয়ে ছোটপর্দায় আবারও রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে লাবণ্যময়ী অভিনেত্রী রত্নপ্রিয়া দাসের। তবে এবার আর জলসার আঙিনায় নয়, বরং জি বাংলার নতুন মেগা প্রজেক্ট ‘সতীপীঠ কালীঘাট’-এর হাত ধরে এক নতুন অবতারে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। পৌরাণিক ও ইতিহাস আশ্রিত এই মেগা ধারাবাহিকে রানি পদ্মাবতী চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে তাকে, যা অভিনেত্রীর ক্যারিয়ারে অন্যতম শক্তিশালী এক সংযোজন হতে চলেছে।
‘উড়ান’ ধারাবাহিকের সমাপ্তির পর সান বাংলার ‘রূপমতী’-তে স্বল্প উপস্থিতিতে নজর কাড়লেও, এবার রীতিমতো পূর্ণাঙ্গ চরিত্রে নিজের জাত চেনাতে প্রস্তুত রত্নপ্রিয়া। ১৫৭০ সালের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে হালিশহরের জিয়া গঙ্গোপাধ্যায় বা কামদেব ব্রহ্মচারীর স্ত্রী পদ্মাবতী দেবীর মতো ঐতিহাসিক ও আধ্যাত্মিক চরিত্র ফুটিয়ে তোলা যে কোনো অভিনেতার জন্যই বড় চ্যালেঞ্জ। লোকবিশ্বাস অনুযায়ী, কালীকুণ্ড হ্রদে দেবী সতীর ডান পায়ের আঙুল আবিষ্কারের সঙ্গে এই পদ্মাবতী দেবীর নাম জড়িয়ে রয়েছে। সেই অলৌকিক ইতিহাসকে পর্দায় জীবন্ত করে তোলার দায়িত্ব এখন রত্নপ্রিয়ার কাঁধে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো মুখ খোলেননি অভিনেত্রী, তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকের প্রমো শেয়ার করে ভক্তদের মাঝে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছেন তিনি।
আগামী ২৪ আগস্ট থেকে প্রতিদিন রাত সাড়ে ৯টার স্লটে জি বাংলার পর্দায় যাত্রা শুরু করতে চলেছে ‘সতীপীঠ কালীঘাট’। এই নতুন মেগা ধারাবাহিকের আগমনে জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’র সম্প্রচারের সময় পরিবর্তন কিংবা পরিসমাপ্তি নিয়ে বিনোদন পাড়ায় এখন তুঙ্গে জল্পনা-কল্পনা। সুব্রত রায়ের প্রযোজনা সংস্থা এই ধারাবাহিকের প্রতিটি পরতে কালীঘাটের ইতিহাস, অলৌকিকতা এবং সতীপীঠের মাহাত্ম্যকে এক অনন্য নান্দনিকতায় দর্শকদের উপহার দিতে চলেছে।
দর্শকদের জন্য বাড়তি চমক হিসেবে থাকছেন একঝাঁক অভিজ্ঞ ও দক্ষ অভিনয়শিল্পী। সাধক ব্রহ্মানন্দের চরিত্রে কিংবদন্তি অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং ডাকাত সর্দারের ভুমিকায় দেবাশিস মণ্ডলের উপস্থিতি ধারাবাহিকটির নাটকীয়তাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মুখ্য চরিত্রে শিশুশিল্পী মহনিয়া পালের অন্তর্ভুক্তি পুরো কাহিনিতে এক নতুন মাত্রা যোগ করবে। সব মিলিয়ে, পৌরাণিক গল্পের বুনন আর তারকাখচিত এই মেগা ধারাবাহিকটি ছোটপর্দার দর্শকদের মাঝে নতুন কোনো রেকর্ড গড়বে কি না, তা দেখার অপেক্ষায় এখন বিনোদন প্রেমীরা।
