কুমিল্লার বুড়িচংয়ে পিকআপ চালক হত্যায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ভাড়া বাসা থেকে পিকআপ চালক মো. ইব্রাহীম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি ও নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের দাবারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
পেশায় পিকআপ চালক ইব্রাহীম গত পাঁচ-ছয় মাস আগে দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারের সঙ্গে ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। প্রথম স্ত্রীর পরিবারের ভরণপোষণ দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে গত ৯ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় রেহেনা তার সহযোগীদের সহায়তায় ইব্রাহীমকে শ্বাসরোধ করে হত্যা করেন।
ঘটনাটি ধামাচাপা দিতে ও আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিহতের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে রেহেনা আক্তার পালিয়ে যান। পরবর্তীতে গত ১২ জুলাই দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহীমের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত ১৪ জুলাই বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বুড়িচং থানায় হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
