AdvertisementAdvertisement

কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটের ট্রায়ালকালে গুলিবিদ্ধ দেহরক্ষী

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে স্পিডবোটের ট্রায়াল দিতে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে শরিফুল ইসলাম রবি নামের এক দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে পদ্মা নদীর অববাহিকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রবির শরীরে গুলি লাগার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের দাবি, স্থানীয় মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি সম্প্রতি একটি নতুন স্পিডবোট সংগ্রহ করেন। দীর্ঘদিন অকেজো থাকার পর নতুন ইঞ্জিন সংযোজন শেষে সেটির কার্যকারিতা যাচাইয়ের জন্য ভোরে নদীতে ট্রায়াল দেওয়া হচ্ছিল। এ সময় ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী স্পিডবোটটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে রবির বাম হাত ও বুক ভেদ করে একটি গুলি বেরিয়ে যায়।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

ঘটনার পরপরই ভেড়ামারা থানা পুলিশ ও লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার আতঙ্কে রয়েছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%