শরীয়তপুরের ভক্তকে হত্যার মামলায় সুরেশ্বর দরবার শরীফের পীর শাহীন নূরী গ্রেফতার

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সুরেশ্বর দরবার শরীফের পীর শাহীন নূরীকে জয়নাল সরদার হত্যা মামলার মূল হোতা হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) ভোররাতে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ এলাকার বাসভবন থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘরিসার ইউনিয়নের আটপাড়া গ্রামের রাস্তার পাশে একটি ডোবা থেকে জয়নাল সরদারের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মেয়ে আশা আক্তার ২৫ অক্টোবর ২০২৫ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ রবিউল হক ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তথ্যের মাধ্যমে দুইজনকে শনাক্ত করেন। এর মধ্যে মোহাম্মদ রবিন শেখকে মুন্সিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। রবিনের তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় মূল হোতা শাহীন নূরীকে শনাক্ত করা হয়।

গ্রেপ্তারের সময় শাহীন নূরীর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, শর্টগানের ১৩৩ কার্তুস, ছয়টি হার্ডড্রাইভ, একটি এসএসডি, চারটি ওয়াকিটকি সেট, একটি ডিবিআর, তিনটি এন্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল, দুইটি স্লিংশট রাইফেল এবং শর্টগানের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত এখনও চলমান এবং দ্রুত বিচার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এই গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘদিন ধরে রহস্যের মধ্যে থাকা হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটনের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।

0%
0%
0%
0%