মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর ভূঁইচিত্র এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপর একটি বাসের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন (৪০) রাজধানী ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। এছাড়া আহত বাসযাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) পটুয়াখালীর মীরজাগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন সজোরে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন মারা যান।
এর রেশ কাটতে না কাটতেই একই স্থানে আরেকটি দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রথম দুর্ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সামনে থাকা 'লিটন ট্রাভেলস' নামের একটি যাত্রীবাহী বাস হঠাৎ গতি কমিয়ে ব্রেক কষে। ঠিক সেই মুহূর্তেই পেছন দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসা 'আব্দুল্লাহ পরিবহন'-এর অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে লিটন ট্রাভেলসের এক যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেন। একই সঙ্গে আহত বাসযাত্রীকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।