শরীয়তপুরে টয়লেটে যাওয়ার পথে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

শরীয়তপুরে টয়লেটে যাওয়ার পথে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ওই এলাকার মৃত আনু সিকদারের ছেলে ইকবাল সিকদার (৩৫) এবং মৃত হাফেজ বেপারীর ছেলে আফসের বেপারী (৪০)। দু’জনই পেশায় কৃষক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন ওই নারী। টয়লেটে যাওয়ার পথেই তাকে জোরপূর্বক ঘরের পেছনের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে ইকবাল ও আফসের পর্যায়ক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে তার জ্ঞান ফেরে। পরে দুপুরে তিনি বাদী হয়ে দুই যুবকের বিরুদ্ধে পালং মডেল থানায় মামলা করেন।
অভিযোগ অস্বীকার করে ইকবাল সিকদার বলেন, “আমরা ওই নারীকে ধর্ষণ করিনি। পরে শুনেছি আমাদের নামে মামলা হয়েছে।”
শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুস্মিতা জানান, ভুক্তভোগীর ‘ভ্যাজাইনাল ডিসচার্জ’ পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে এলে নিশ্চিত হওয়া যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না।
পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “মামলা হওয়ার পরপরই আমরা দুই আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
