শ্রীমঙ্গলে জুলাই যোদ্ধা হাসিবুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সংঘটিত এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি সড়ক দিয়ে ইজিবাইকে করে যাওয়ার সময় হাসিবুল ইসলামের গতিরোধ করা হয়। এ সময় তার সঙ্গে এক নারীও ছিলেন। ইজিবাইকটির পথ আটকে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ইনি হচ্ছেন জুলাই জঙ্গি হাসিবুল, সাথে মেয়ে নিয়ে, দেশ বিক্রি করে এখানে আমোদ ফুর্তি করছে।’ এরপরই আকস্মিক চিৎকার ও হট্টগোলের শব্দ শোনা যায়। জীবন বাঁচাতে একপর্যায়ে ‘ভাই ভাই প্লিজ ভাই’ আর্তনাদ করে দ্রুত ওই স্থান থেকে দৌড়ে পালিয়ে যান হাসিবুল। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার সঙ্গে সরাসরি জড়িতদের পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, রাধানগর এলাকার একটি রিসোর্ট থেকে চেকআউট করে বের হওয়ার সময়ই মূলত হাসিবুল ইসলামের ওপর এই হামলা চালানো হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ভুক্তভোগী হাসিবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট রিসোর্টে খোঁজ নিয়ে তার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছে। এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

০%
০%
০%
০%