লক্ষ্মীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৩ বছরের রানা আটক

লক্ষ্মীপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত কিশোরের নাম মো. রানা (১৩)। সে ওই এলাকার আমির হোসেনের ছেলে।ভুক্তভোগী শিশুর মা ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিশুটি পরিবারের সঙ্গে ওই ভাড়া বাসায় বসবাস করত। একই বাসার পাশের একটি কক্ষে ভাড়া থাকত অভিযুক্ত কিশোরের পরিবার। ঘটনার সময় টেলিভিশন দেখার কথা বলে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নেয় রানা। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনতে পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানালা দিয়ে তাকিয়ে তিনি আপত্তিকর পরিস্থিতি দেখতে পান বলে অভিযোগ করেন। এ সময় আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল জানান, ধর্ষণের অভিযোগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজেমী জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে রানা নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

০%
০%
০%
০%