Advertisement

বদলির দুই সপ্তাহ পরও কর্মস্থলে বহাল ব্রাহ্মণপাড়ার এসিল্যান্ড তারেক রহমান

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে বদলি হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে এখনো নিজ কর্মস্থল ছাড়েননি সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। গত ৩০ জুলাই চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গোলাম মোস্তফা মুন্না স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কক্সবাজারের মহেশখালী উপজেলায় বদলি করা হলেও তিনি এখনো পদাধিকারবলে দায়িত্ব পালন করছেন। সরকারি এই বদলির আদেশ কার্যকর না হওয়ায় স্থানীয় পর্যায়ে জনমনে তীব্র ক্ষোভ ও নানামুখী প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত প্রায় এক বছর ধরে ব্রাহ্মণপাড়া উপজেলা ভূমি অফিসের কার্যক্রমে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। বিশেষ করে উপজেলা ড্রেজার মেশিনের নিয়ন্ত্রণ, ভূমি অফিসে ঘুষ-বাণিজ্য এবং ড্রেজার-বাণিজ্যসহ একাধিক অনৈতিক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার কথা শোনা যাচ্ছে। এসব গুরুতর অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক বদলি হলেও আদেশ পালনে গড়িমসি করায় সাধারণ মানুষ হতাশ।

বিজ্ঞাপন

একজন সরকারি কর্মকর্তা বদলির আদেশ পাওয়ার পরও কীভাবে পূর্বের কর্মস্থলে বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। বদলির আদেশ বাস্তবায়নে কোনো অদৃশ্য প্রভাব বা প্রশাসনিক জটিলতা কাজ করছে কি না, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছেন স্থানীয়রা।

উল্লেখ্য যে, তারেক রহমান ২০২৫ সালের ২৫ আগস্ট ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিয়েছিলেন। স্থানীয়দের এসব অভিযোগ ও বদলির আদেশ কার্যকরে বিলম্বের কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%