Advertisement

চকরিয়ায় বাস ও লোকাল গাড়ির সংঘর্ষে নিহত ৪ আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও লোকাল জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটা এই ঘটনায় নিহত ও আহতরা সবাই জিটু গাড়ির যাত্রী ছিলেন।

নিহতদের মধ্যে রয়েছেন চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মো. জসিম উদ্দিন, ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মো. রফিক, খুটাখালী ইউনিয়নের শিয়ালকাটা এলাকার মো. শাহেদ ও ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার জিয়াবুল হক। দুর্ঘটনায় আহতরা হলেন জিয়াবুল হক, মো. সরোয়ার, সৈয়দ আলম, দেলোয়ার হোসেন ও সৈয়দ করিম।

বিজ্ঞাপন

মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, কক্সবাজার অভিমুখী লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই লোকাল জিটু গাড়িটির সংঘর্ষ হয়। এতে জিটু গাড়িটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়লে ভেতরে থাকা নয়জন যাত্রী গুরুতর জখম হন। ঘটনার পরপরই বাসচালক ও তার সহকারী ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান।

স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. জসিম উদ্দিন মৃত্যুবরণ করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। বর্তমানে আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও জিটু গাড়িটি জব্দ করেছে। মহাসড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%