মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কুপিয়ে জখম ও ১৫ লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। মঙ্গলবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ডাকাতদের বাধা দিতে গিয়ে বাড়ির মালিক স্বপন শিকদার গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, রাত আড়াইটার দিকে ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ট্রলারযোগে নদীপথে এসে স্বপন শিকদারের বাড়ির বারান্দার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেয়ে কক্ষের দরজা আটকে দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
লুটতরাজের এক পর্যায়ে বাড়ির মালিক স্বপন শিকদার বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর ডাকাত দল নগদ দুই লাখ ৩০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ মোট ১৫ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নির্বিঘ্নে নদীপথে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা অবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
