উখিয়ার পাহাড়ি বনাঞ্চলে সাড়ে ৬ লাখ দেশীয় প্রজাতির চারা রোপণ

২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় মেগা পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমিসহ বিভিন্ন স্থানে দেশীয় প্রজাতির প্রায় সাড়ে ৬ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমি পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলার রাজাপালং, পালংখালী, জালিয়াপালং, রত্নাপালং ও হলদিয়াপালং ইউনিয়নের বিভিন্ন সরকারি বন এলাকায় এসব চারা রোপণ করা হয়েছে। রোপণ করা চারাগুলোর মধ্যে গর্জন, নিম, অর্জুন, জারুল, শিমুল, কদম, কৃষ্ণচূড়া, সেগুন, মেহগনি ও বটসহ প্রায় ৩০ প্রজাতির গাছ রয়েছে, যা স্থানীয় পরিবেশের জন্য উপযোগী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সম্প্রতি উখিয়া রেঞ্জের থাইংখালী বিটে ২০২৫-২৬ অর্থবছরে সৃজিত ১৫০ হেক্টর আয়তনের দেশীয় মিশ্র প্রজাতির বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি রোপণ করা চারার বৃদ্ধি ও সার্বিক পরিচর্যা কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং বাগান এলাকায় একটি নিম ও একটি চাপালিশ গাছের চারা রোপণ করেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত উখিয়ার পাহাড়ি বনাঞ্চলে নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজের আচ্ছাদন বাড়ানো হচ্ছে। এটি মাটির ক্ষয় রোধ এবং বন্যপ্রাণীর নতুন আবাসস্থল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশসংশ্লিষ্টদের মতে, পাহাড়ি এলাকায় ভূমিক্ষয় রোধ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ একটি ইতিবাচক মাইলফলক।
পরিদর্শনকালে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারসহ স্থানীয় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিন জানান, তাদের মূল লক্ষ্য কেবল চারা রোপণ নয়, বরং নিয়মিত তদারকি ও স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রতিটি চারাকে পূর্ণাঙ্গ গাছে পরিণত করা। বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি জানান, রোপণ করা চারাগুলোর স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিত আগাছা পরিষ্কার ও প্রয়োজনীয় পরিচর্যা অব্যাহত রয়েছে। বন বিভাগের প্রত্যাশা, যথাযথ রক্ষণাবেক্ষণ করা গেলে আগামী কয়েক বছরের মধ্যে উখিয়ার পাহাড়ি এলাকাগুলো সুনিবিড় সবুজে ভরে উঠবে।
