আইনি লড়াই শেষে ৪ বছর ৯ মাস পর সদস্য হিসেবে শপথ নিলেন রশিদ আহমদ সোনাম

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দীর্ঘ চার বছর নয় মাস আইনি লড়াইয়ের পর শপথ গ্রহণ করেছেন রশিদ আহমদ সোনাম। মঙ্গলবার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা নাদিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ এই আইনি জটিলতার সূত্রপাত ঘটে ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে। ওই নির্বাচনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা রশিদ আহমদ সোনামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোরগ প্রতীকের খছরুজ্জামান। ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে তৎকালীন প্রিসাইডিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আবেদন জানান রশিদ আহমদ সোনাম। কাঙ্ক্ষিত প্রতিকার না পেয়ে তিনি মৌলভীবাজার নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।
ট্রাইব্যুনাল পুনরায় ভোট গণনার নির্দেশ দিলে সত্যতা প্রমাণিত হয় এবং রশিদ আহমদ সোনামকে বিজয়ী ঘোষণা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে খছরুজ্জামান নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করলেও আদালত তা খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন। আইনি এই লড়াইয়ের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে গত বছরের ২২ জুন নির্বাচন কমিশন রশিদ আহমদ সোনামকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় রশিদ আহমদ সোনাম জানান, ২০২১ সালের নির্বাচনে তিনি প্রকৃত বিজয়ী হওয়া সত্ত্বেও কারচুপির মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আদালতের মাধ্যমে তিনি ন্যায়বিচার পেয়েছেন এবং সত্যের জয় হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শপথ গ্রহণের মাধ্যমে দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটল এবং তিনি এখন থেকে ওয়ার্ডবাসীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
