AdvertisementAdvertisement

দ্বিতীয় বিয়ে নিয়ে মহসিনের আবেগী পোস্টে উর্মিলার রহস্যময় বার্তা

বলিউডের চিরসবুজ অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের সঙ্গে বিচ্ছেদের রেশ না কাটতেই নতুন জীবনের বসন্ত ছুঁয়েছেন তাঁর প্রাক্তন স্বামী মহসিন আখতার। কাশ্মীরি ব্যবসায়ী ও মডেল মহসিন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্বিতীয় বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের একগুচ্ছ মোহময় ছবি শেয়ার করেছেন। নজরকাড়া গোলাপি শেরওয়ানি আর নববধূর জমকালো লেহেঙ্গায় মহসিন ও নিধি ভাটের রসায়ন নেটিজেনদের নজর কেড়েছে।

নিজের জীবনসঙ্গিনীকে নিয়ে মহসিন লিখেছেন আবেগময় এক নোট। তিনি নিধিকে নিজের জীবনের শান্তি এবং ঘর হিসেবে অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আল্লাহর অশেষ রহমত আর নিখুঁত সময়ের অপেক্ষায় থেকে পাওয়া এই সঙ্গীকে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মহসিন। তাঁর এই উচ্ছ্বসিত পোস্ট যেন নতুন এক সম্পর্কের গভীরতাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

Advertisement
বিজ্ঞাপন

অন্যদিকে, মহসিনের এই ব্যক্তিগত মুহূর্তের চর্চার মাঝেই রহস্যময় এক পোস্ট দিয়েছেন উর্মিলা মাতন্ডকর। কোনো নাম উল্লেখ না করলেও ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ভালোবাসা, বিশ্বস্ততা এবং সময়ের মতো অমূল্য বিষয়গুলোই তাঁর পছন্দের তালিকায় শীর্ষে। উর্মিলার এমন দার্শনিক পোস্ট দেখে নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, প্রাক্তন স্বামীর নতুন ইনিংসের প্রেক্ষাপটেই পরোক্ষভাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি অত্যন্ত ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন উর্মিলা ও মহসিন। মনীশ মালহোত্রার আত্মীয়ের বিয়েতে পরিচয় হওয়ার পর তাঁদের প্রেম ও পরিণয় সে সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘ আট বছরের সংসার জীবনের ইতি টেনে গত সেপ্টেম্বরেই বিচ্ছেদের আবেদন জানান এই তারকা দম্পতি। আইনি বিচ্ছেদ আর নতুন সম্পর্কের বাঁক বদলের মধ্য দিয়ে এখন শোবিজের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই প্রাক্তন দম্পতি।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%