চাঁদপুরে মেঘনায় সিমেন্টবোঝাই ট্রলার ডুবি কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

চাঁদপুরের মেঘনা নদীতে তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার দুপুরে চাঁদপুর নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ‘এইচ এম পরিবহন’ নামের ট্রলারটি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় মালিকের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে শাহ সিমেন্টের চালান নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। দুপুরে নদী বন্দরে প্রবেশের সময় মোলহেড সংলগ্ন এলাকায় তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দ্রুত তলিয়ে যায়। ট্রলারের সুকানি আইয়ুব আলীসহ চার আরোহীকে স্থানীয় মাঝিদের তাৎক্ষণিক তৎপরতায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ট্রলার মালিক হানিফ বেপারীর জন্য এই দুর্ঘটনা বড় ধরনের সংকটের সৃষ্টি করেছে। সিমেন্ট ও ট্রলার মিলিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ট্রলার মালিকের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।
চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তবে স্থানীয়রা এ ঘটনায় আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
