রাজশাহীর পুঠিয়ায় ড্রামট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত আহত ১

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কে ড্রাম ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মানিক চাঁদ নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খবির হাজির পাঁচতলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে শিবলু হোসেন নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত মানিক চাঁদ চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের বাসিন্দা শেখ চাঁদের ছেলে। আহত শিবলু হোসেন একই গ্রামের রহিত উল্লাহর সন্তান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মানিক চাঁদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিবলু হোসেনকে বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘাতক ড্রাম ট্রাক চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
