রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া ও বানেশ্বর আম বাজার পরিদর্শন করলেন ফরাসি রাষ্ট্রদূত

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহাসিক স্থাপনা এবং বানেশ্বর আম বাজারের বাণিজ্যিক সম্ভাবনা সরাসরি প্রত্যক্ষ করতে মঙ্গলবার পরিদর্শনে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। দুপুর ২টা ৫ মিনিটে সড়কপথে তিনি পুঠিয়া রাজবাড়ি চত্বরে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনের শুরুতে রাষ্ট্রদূত পুঠিয়া রাজবাড়ি, সংলগ্ন ঐতিহাসিক গোবিন্দ মন্দির ও রানিঘাট ঘুরে দেখেন। এ সময় তিনি পুঠিয়ার প্রাচীন স্থাপত্যশৈলীর ভূয়সী প্রশংসা করেন এবং এর নান্দনিক দিকগুলো সম্পর্কে বিস্তারিত অবগত হন।
রাজবাড়ি পরিদর্শন শেষে দুপুর ২টা ৪৮ মিনিটে রাষ্ট্রদূত বানেশ্বর আম বাজারে পৌঁছান। বাজারের বিভিন্ন স্টল ঘুরে তিনি ব্যানানা ম্যাংগো, আশ্বিনী ও ফজলি আমসহ স্থানীয় বিভিন্ন জাতের আমের গুণগত মান পর্যবেক্ষণ করেন। এ সময় বাংলাদেশের আমের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারে এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
দুপুর ২টা ৫৫ মিনিটে রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীরা রাজশাহী মহানগরের উদ্দেশ্যে বানেশ্বর ত্যাগ করেন। ফ্রান্সের রাষ্ট্রদূতের এই সফর পুঠিয়ার ঐতিহাসিক নিদর্শন এবং বানেশ্বরের ঐতিহ্যবাহী আম বাজারকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলবে বলে স্থানীয় বাসিন্দারা প্রত্যাশা করছেন। এ সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।