লোহাগাড়ায় বন্যার্তদের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হকের বিরুদ্ধে বন্যার্তদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের ছয়জন সদস্য বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দেন।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জরুরি খাদ্য সহায়তার লক্ষ্যে উপজেলা প্রশাসন থেকে ওই ইউনিয়নের জন্য দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে প্যানেল চেয়ারম্যান আজিজুল হক বরাদ্দকৃত ওই চাল অসহায় মানুষের মাঝে বিতরণ না করে সম্পূর্ণ আত্মসাৎ করেছেন বলে জানিয়েছেন সদস্যরা।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, সরকারি ত্রাণ বিতরণের বিষয়টি পরিষদের অন্য সদস্যদের অবহিত করা হয়নি এবং কোনো রেজুলেশনও গ্রহণ করা হয়নি। ত্রাণ সহায়তা না পাওয়ায় বন্যাকবলিত অনেক পরিবার চরম মানবেতর জীবনযাপন করছেন। এ অনিয়মের প্রতিবাদ জানালে প্যানেল চেয়ারম্যান কোনো কর্ণপাত করেননি বলেও অভিযোগ করা হয়েছে।

পাল্টা বক্তব্যে প্যানেল চেয়ারম্যান আজিজুল হক সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বরাদ্দকৃত চাল নিয়ম মেনেই সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। নেটওয়ার্ক জটিলতার কারণে সব সদস্যকে বিষয়টি জানানো সম্ভব হয়নি এবং প্রশাসন থেকেও সব সদস্যকে নিয়ে সমন্বয় করার কোনো বাধ্যবাধকতা ছিল না বলে তিনি জানান।

বিজ্ঞাপন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহম্মেদ জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, বড়হাতিয়া ইউনিয়নের ত্রাণ বিতরণে অনিয়মের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%