গৌরনদীতে মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ থাকায় এলাকাবাসীর মানববন্ধন ও ক্ষোভ

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকায় স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর প্রকল্পটির নির্মাণস্থলের সামনে আয়োজিত এক মানববন্ধনে এলাকাবাসী প্রকল্পটির কাজ দ্রুত পুনরায় শুরুর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মডেল মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, বরং এটি ইসলামিক শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও গণপাঠাগারসহ নানামুখী সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার প্রকল্পটি গ্রহণ করেছিল। তবে দীর্ঘ সময় ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় স্থানীয়রা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে জনমনে গভীর হতাশা ও সংশয় দেখা দিয়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, সরকারের দেশব্যাপী প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণের যে মহতী উদ্যোগ, তা গৌরনদীতে যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। প্রকল্পটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে তারা স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, সাবেক ছাত্রদল নেতা এনামুল হক, আবু সাঈদ এবং নুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অবিলম্বে সরকারের অধিগ্রহণকৃত এই স্থানে নির্মাণকাজ পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%