অতীতের একাধিক ঘটনায় অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ তথা সুন্দরবন পুলিশ জেলার তৎকালীন পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাওকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত বছর অক্টোবর মাসে কাকদ্বীপে কালীপূজার সময় জনরোষ দমনে পুলিশের ভূমিকা এবং বিশেষত দেবীর প্রতিমা প্রিজন ভ্যানে তোলার ঘটনাকে কেন্দ্র করে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী আজ এ ঘোষণা দিয়ে জানান, ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং পুলিশের দায়িত্বজ্ঞানহীন আচরণের দায় এড়ানো সম্ভব নয়।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে মুখ্যমন্ত্রী জানান, সে সময় মূর্তিতে ভাঙচুরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখালে, কোটেশ্বর রাওয়ের নেতৃত্বে প্রায় ৫০০ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করা হয়, যা পরিস্থিতির তুলনায় অতিরঞ্জিত ছিল। তবে সবচেয়ে আপত্তিকর ছিল দেবীর প্রতিমাকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়ার ঘটনা, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।

রাজ্য সরকার কেবল কাকদ্বীপের ঘটনাতেই নয়, ২০২৩ সালে কালিয়াগঞ্জের কিশোরী ধর্ষণ কাণ্ড এবং পরবর্তী উত্তেজনার সময়েও পুলিশের ভূমিকা খতিয়ে দেখেছে। ঘটনার তদন্তে জানা যায়, অভিযুক্তকে ধরতে গিয়ে তৎকালীন এএসআই মোয়াজ্জেম হোসেন দরজা খুলতেই মৃত্যুঞ্জয় বর্মন নামের এক যুবকের বুকে গুলি চালিয়েছিলেন। এ ঘটনায় এএসআই মোয়াজ্জেমকে তাৎক্ষণিক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তদন্তে উঠে এসেছে তৎকালীন শাসনামলের রাজনৈতিক প্রতিহিংসার চিত্রও। বড়তলা থানায় এক প্রাক্তন আইপিএস অফিসারকে তলব করে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ ১২ ঘণ্টা জল ও চা পর্যন্ত না দিয়ে আটকে রেখে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই অমানবিক আচরণের দায়ে সংশ্লিষ্ট থানার তৎকালীন এসআই সাধন দাস এবং আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার বিসর্জনের সময় ভক্তদের ওপর নৃশংস লাঠিচার্জ এবং সনাতন ধর্মের প্রতি অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ইনস্পেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পুলিশের শৃঙ্খলা ফেরাতে এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে সরকার প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%