নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি বা নেসকো-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো ওই নির্দেশনায় বর্তমান চেয়ারম্যান ও কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদের স্থলে শরীফ উদ্দীনকে স্থলাভিষিক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জানিয়েছেন, নেসকোর বর্তমান পরিচালনা পর্ষদ পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন করা হবে। পর্ষদে নতুন সদস্যদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে তার ওপর অর্পিত দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার বড় ভাই প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক ওই একই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সরকারের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
