কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দীর্ঘ ২০ বছরের আইনি লড়াই শেষে পরকীয়া প্রেমের জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক মো. জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাদের কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহার, শ্বশুর নুর মোহাম্মদ, শাশুড়ি ছকিনা বেগম এবং নুর নাহারের পরকীয়া প্রেমিক আব্দুল গফুর। নিহত কেতাব উদ্দিন ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল গ্রামের বাসিন্দা আলী মুদ্দিনের ছেলে ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং মামলার অপর অভিযুক্তদের বেকসুর খালাস দেন।

মামলার বিবরণে জানা যায়, স্ত্রী নুর নাহারের সঙ্গে আব্দুল গফুরের অবৈধ সম্পর্কের কারণে দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০০৬ সালের ১৮ এপ্রিল রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী নুর নাহার তার স্বামীকে দাওয়াতের কথা বলে কৌশলে পাশের গ্রামে নিজের বাবার বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা গফুর ও অন্যান্য আসামিরা মিলে কেতাব উদ্দিনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের পর আলামত গোপনের উদ্দেশ্যে তারা মরদেহ বাড়ির পার্শ্ববর্তী একটি জমিতে ফেলে রাখে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় দশজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান তারিক। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%