গোপালগঞ্জে কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে ৭১ হাজার নকল সিগারেট জব্দ

গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে বিশেষ অভিযান চালিয়ে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কুরিয়ার অফিসে তল্লাশি চালিয়ে ছয়টি কার্টনে সংরক্ষিত দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এই বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচজন ব্যবসায়ীর নামে এসব সিগারেট বুকিং করা হয়েছিল এবং এর বিক্রয়লব্ধ অর্থ ঢাকার উত্তরা এলাকার একটি নির্দিষ্ট অফিসে পাঠানোর নির্দেশনা ছিল।

অভিযানের সময় সিগারেটগুলো সংগ্রহ করতে আসা ব্যবসায়ীদের প্রতিনিধিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত সিগারেটগুলো নকল হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং নকল সিগারেটের সরবরাহ নেটওয়ার্ক উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%