থানায় মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে অসদাচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে শ্রমিকদল নেতা গ্রেপ্তার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় মাদক মামলায় আটক দুই ব্যক্তিকে প্রভাব খাটিয়ে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে শ্রমিক দলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় অভিযুক্তদের মদ্যপ অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নিয়মিত মাদকবিরোধী অভিযানে পারভেজ শেখ ও মো. আব্দুল্লাহ নামের দুজনকে আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এই খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে খুলনা মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলাল তার সহযোগী মো. শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হন। তারা আটককৃতদের মুক্ত করার জন্য কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেন।
থানায় দায়িত্বরত এসআই নাদিম মাহমুদ আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়েরের বিষয়টি অবহিত করলে দুলাল শেখ ও শরিফুল ইসলাম উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও চরম অসদাচরণ করেন। তাদের শারীরিক অবস্থা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মদ্যপানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরবর্তীতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শ্রমিক দলের নেতা পরিচয় দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়া হয়েছে। মদ্যপ অবস্থায় থানায় এসে পুলিশের সঙ্গে অশোভন আচরণ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর দলীয় পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে শ্রমিক দল। সংগঠনটির খুলনা মহানগর শাখার সভাপতি মুজিবুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের কঠোর নির্দেশনা অনুযায়ী, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দল কোনোভাবেই প্রশ্রয় দেবে না।