বগুড়ার শেরপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আহত এক

বগুড়ার শেরপুর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সুফিয়ান নামে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রণবীরবালা এলাকায় বশির পাগলার মাজারের সামনে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের শাহীন রানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক মোটরসাইকেলে যোগে দ্রুতগতিতে গন্তব্যে যাওয়ার সময় বশির পাগলার মাজারের সামনে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পিকআপের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কের ওপর ছিটকে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অপর এক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে, ঘটনার আকস্মিকতায় পিকআপ ভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষী চালককে দ্রুত শনাক্তপূর্বক গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।