AdvertisementAdvertisement

রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন পলাতক

ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কে এক ভয়াবহ হত্যাকাণ্ডে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুলসহ তার স্ত্রী ও শিশুকন্যা নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ঘাতক ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় নিহতদের ১৮ বছর বয়সী ছেলে অয়ন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত কামাল উদ্দিনের (৩৯) সঙ্গে তার স্ত্রী আরজু (৩৮) ও পাঁচ বছর বয়সী কন্যা আরিশার মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই পলাতক প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেনের ছবি প্রকাশ করে তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ইতালির আইন-শৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত শাহাদাত একই ইউনিয়নের আবদুল আহাদের ছেলে এবং নিহতের পূর্বপরিচিত।

Advertisement
বিজ্ঞাপন

প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধ ও পরকীয়া সংক্রান্ত জটিলতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার রাতে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে আয়োজিত বৈঠকে তর্কাতর্কির এক পর্যায়ে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অপরাধের দায় স্বীকারের ইঙ্গিত দিয়ে একটি পোস্টও দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানিয়েছেন, বছরখানেক আগে দেশে থাকাকালে কামাল উদ্দিনকে হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি দেওয়া হয়েছিল। বিষয়টি সেই সময় মৌখিকভাবে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছিল। ঘটনার ভয়াবহতায় স্তব্ধ স্বজন ও স্থানীয়রা দোষী ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%