পাঞ্জাবে ৫৪ জঙ্গি ও পাঁচ ভারতীয় গোয়েন্দা এজেন্টসহ আটক ১১৯৩ জন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত দুই মাসে সন্ত্রাসবিরোধী অভিযানে ৫৪ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, আটককৃতদের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর সঙ্গে সম্পৃক্ত পাঁচজন এজেন্টও রয়েছেন। প্রদেশজুড়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ৪১৯টি বিশেষ অভিযানে এই সাফল্য পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঞ্জাব সিটিডির মুখপাত্রের ভাষ্যমতে, লাহোর, ফয়সালাবাদ, রাওয়ালপিন্ডি, সারগোধা, ঝিলাম, পাকপত্তন, গুজরানওয়ালা, সাহিওয়াল এবং ওকারাসহ বিভিন্ন জেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়। ধৃতদের কাছ থেকে বিস্ফোরক সামগ্রী, ১২টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), ৪২টি ডেটনেটর এবং ৯৮ ফুট সেফটি ফিউজ তার জব্দ করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত বই, স্টিকার ও বিপুল পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, গ্রেপ্তারকৃতরা সাধারণ জনগণের মধ্যে ভীতি ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। সিটিডি কর্তৃক চিহ্নিত সন্দেহভাজনদের মধ্যে ওয়ারিস খান, নাসির, মানোয়ার হোসেন, কামিল দাদ, জাহিদ, ইনামউল্লাহ, মতিউল্লাহ, জালাল ও জামশেদ উল্লেখযোগ্য। এসব ব্যক্তি নাশকতা ছড়িয়ে দেওয়ার অপতৎপরতায় লিপ্ত ছিল বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একই সময়ে সমগ্র পাঞ্জাবে ১৩ হাজার ৫৭২টি কম্বিং অপারেশন পরিচালনা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে ৪ লাখ ৯৪ হাজার ৬৪২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আরও ১ হাজার ১৯৩ জনকে আটক করা হয়েছে বলে সিটিডির পক্ষ থেকে জানানো হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
